নেতাগিরি (প্রথম পর্ব)

এক.
আমার জানালার ধারে একটা ছোট ফুলগাছ আছে। সাদা রঙের, নাম জানি না-তবে গন্ধটা মিষ্টি।প্রতিদিন সকালে আমি চা হাতে দাঁড়িয়ে ওকে দেখি।একদিন দেখি, গাছটার ডাল কেমন জানি নিচের দিকে ঝুঁকে আছে।আমি ভাবলাম, মরে যাচ্ছে হয়তো। পানি দিলাম। দুদিন তেমন কিছু হলো না।তৃতীয় দিন সকালে দেখি, সেই নিচু ডালে একটা কুঁড়ি ফুঁটেছে। আর আশেপাশের ছোট ছোট পাতা যেন হঠাৎ প্রাণ পেয়ে গেছে।
আমার মাথায় একটা কথা এল-ফুলগাছও তো এক ধরনের নেতা।চুপচাপ দাঁড়িয়ে থাকে।প্রতিদিন আলো নেয়, পানি নেয়। তারপর সময়মতো অন্যদের জন্য ফুল ফোটায়।না কোনো মাইক লাগায়, না ঘোষণা দেয়-“দেখো, আমি নেতৃত্ব দিচ্ছি!”
কমিউনিটি লিডারশিপ এমনই হওয়া উচিত।আমরা ভাবি, নেতা মানেই বক্তৃতা, সিদ্ধান্ত, নির্দেশ।কিন্তু আসল লিডার সেই,
- যে নিজের চরিত্র দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে।
- যে কথা কম বলে, কাজ বেশি করে।
- আর যে সফল হলে একা কৃতিত্ব নেয় না। সবাইকে বলে, "তোমরাই পারলে!"
নেতৃত্ব মানে কীভাবে ফুল ফোটাতে হয় তা শেখা-নরমভাবে, ধৈর্য ধরে, নিজের দায়িত্ব বুঝে। নেতৃত্ব মানে আলগোছে ফুল ফোটানো-তাই যেন চারপাশে একটা গন্ধ ছড়িয়ে পড়ে, সবাই বুঝে, কেউ একজন ভালো ছিল।" তুমি কি এমন এক ফুল হতে পারো?
"নেতৃত্ব_মানে ফুল ফোটানো।”
দুই.
আমাদের এলাকায় একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল। ব্যাট-বল নিয়ে বিশাল আয়োজন। টিম ম্যানেজার হিসেবে এক কিশোরকে দেখলাম। নাম রাফি। নিজে খেলছে না, শুধু বসে আছে সাইড লাইনে। বল কুড়িয়ে দিচ্ছে, ফিল্ডারদের পানি দিচ্ছে, স্কোরারকে সাহায্য করছে। একটা সময় আমি জিজ্ঞেস করলাম, "তুমি ম্যানেজার হয়ে এত খাটছো, খেলছো না কেন?"
রাফি একটু হেসে বলল, “আমি খেললে হয়তো দল হেরে যেত। আমি জানি কে কোথায় খেললে ভালো করবে, সেটাই কাজের কথা।” কথাটা শুনে আমি থমকে গেলাম।
আমরা অনেকেই ভাবি, লিডার মানেই মাইকে চিৎকার করা, মঞ্চে উঠে কথা বলা, পেছনের সবাইকে সামনে থেকে চালানো। কিন্তু রাফির মত ছেলেরা শেখায়-আসল লিডারশিপ অনেক সময় পেছনে থেকেই হয়। যে ছায়ার মতো থেকে অন্যদের আলোয় এনে দাঁড় করায়, সেই তো সত্যিকারের লিডার।
নেতা শুধু চিৎকার করে সবাইকে এগিয়ে নিয়ে যায় না। সে দরকার হলে চুপচাপ সবার পেছনে দাঁড়ায়, যাতে কেউ পিছলে না পড়ে।”
সোশ্যাল মিডিয়াতে অনেক নেতার ভিড় । মনের ভিতর মাঝে মাঝে প্রশ্ন আসে—তারা কি আলো ছড়াচ্ছে, না কেবল আলো কাড়ছে?
তুমি লিডার হতে চাও? আগে শেখো পাশে দাঁড়াতে, শুনতে, আর সামনে না থেকেও নেতৃত্ব দিতে। কারণ সবার সামনে থেকে হাঁটা সহজ। কিন্তু পিছনে থেকে কাউকে ঠেলে সামনে আনতে পারা, সেটাই আসল আর্ট।
"লিডার হওয়া মানে সবসময় সামনে থাকা না…"
চলবে ইনশা আল্লাহ…
return (